২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১২ কোটি টাকা নিয়ে উধাও মাল্টিপারপাস

নওগাঁর কয়েকহাজার আমানতকারীর প্রায় ১২ কোটি টাকা নিয়ে একটি মাল্টিপারপাস কো-অপারেটিভের কর্মকর্তারা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের সমবায় সমিতির কর্মকর্তাদের খুঁজে না পাওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বৃহস্পতিবার নওগাঁ সদর থানায় জিডিটি করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।

গত ১৬ মার্চ থেকে এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না, তবে মাঠকর্মীরা আছেন বলে জানিয়েছেন গ্রাহকরা।

মোখলেছুর রহমান জানান, পপুলার মাল্টিপারপাস কর্মকর্তারা উধাও হওয়ার খবর শুনে তিনি বিষয়টি নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন।

নওগাঁ সদর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনিক,  বেগম আরা, আব্দুর রহমানসহ অন্যান্য গ্রাহকদের দাবি, প্রায় চার হাজার আমানতকারীর জমানো ১২ কোটি টাকা নিয়ে সমিতিটি উধাও হয়েছে।

তারা জানান,  ২০০৮ সাল থেকে শহরের উকিল পাড়ার একটি ভাড়া বাসায় সদস্য ও আমানত সংগ্রহের কাজ শুরু করেছিল পপুলার মাল্টিপারপাস। জেলার ১১টি উপজেলার প্রতিটিতেই তাদের রয়েছে শাখা অফিস।

বৃহস্পতিবার জেলা সমবায় অফিসে খোঁজ নিতে গিয়ে দেখা যায় সমবায় কর্মকর্তা ও পপুলার মালিটপারপাসের মাঠ কর্মীরা বৈঠক করছেন।

তবে সেখানে সাংবাদিক বা কোনো গ্রাহককে প্রবেশের অনুমতি দেনয়নি কর্তৃপক্ষ।