গাইবান্ধায় সেচের পানির দ্বন্দ্বে গৃহবধূ খুন
জমিতে সেচের পানি নেয়া নিয়ে দ্বন্দ্বে গাইবান্ধা সদরে কোদালের আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মালিবাড়ি ইউনিয়নের বারবলদিয়া গ্রামে এ ঘটনায় মারা যান গৃহবধূ শিল্পী বেগম (২৫)। শিল্পী ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র জানান, বরেন্দ্র সেচের গভীর নলকূপের আওতায় শিল্পী তার ইরি ধানের জমিতে পানি সেচ দিতে বিকালে ক্ষেতে যান।
তিনি নলকূপের সরবরাহ পাইপ থেকে তার জমির নালায় পানি নিতে সংযোগ লাইনের চাবি খুলতে গেলে নলকূপের তত্ত্বাবধায়কের কর্মচারী একই গ্রামের বুলু মিয়া বাধা দেন।
এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বুলু তার হাতে থাকা কোদাল দিয়ে শিল্পীর মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
