আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী
চব্বিশ ঘণ্টার ঝটিকা সফরে শুক্রবার ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।
ওইদিন রাত ৮টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে দুই দেশ।
বিরোধীদলবিহীন ওই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের মতো জাপানও হতাশা ব্যক্ত করেছিল।
নির্বাচনের পর দেশটি এক বিবৃতিতে সব দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান জানায়।
জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্প্রতি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের দিকে মনোযোগ দিয়েছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাষায় ‘কৌশলগত কারণেই’ এ পথে এগোচ্ছে সরকার।
গত ২৩ জানুয়ারি জাপানের সহযোগিতা সংস্থা জাইকার বিদায়ী এবং নতুন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, জাপানের মতো চীনও বাংলাদেশের ‘প্রভাবশালী’ উন্নয়ন অংশীদার হয়ে উঠছে।
এসব প্রেক্ষাপটে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জাপানের পক্ষ থেকে এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপানের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হবে।
বিকালে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে ফুমিও কিশিদার।
২০০৬ সালে তারো আসোর পর এটা জাপানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে সবশেষ জাপান সফর করেন।
১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে পরিচিত জাপান।
গতবছরও বাংলাদেশকে ১১ বিলিয়ন ডলারের অনুদান দিয়েছে দেশটি।
আর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলারের। এর মধ্যে বাংলাদেশে মিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে জাপান।
