২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জোড়া খুন: গ্রেপ্তার আসামি রিমান্ডে

চট্টগ্রামে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 09:31 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার মহানগর হাকিম রহমত আলী আসামির রিমান্ডের আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, জাহাঙ্গীরকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালের দিকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে মো. জাহাঙ্গীরকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

জাহাঙ্গীর একজন ‘পেশাদার ছিনতাইকারী’ বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, সেপটিক ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তালিকাভুক্ত আসামি জাহাঙ্গীর।

এই আরো আসামিকে করা হয়েছে এলাকায় ছিঁচকে সন্ত্রাসী হিসেবে পরিচিত বাচা, শাহ আলম, সাহেদ, লেদু, জীবন, ভুট্টু, বাহার ও আলমকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে জাহাঙ্গীর পুলিশকে কিছু তথ্য দিয়েছে বলে জানান তিনি।

এ হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের একটি দল খাগড়াছড়িতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।

গত সোমবার সকাল ১০টার দিকে নগরীর ষোলশহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ওমরগণি এমইএস কলেজ ছাত্র কামরুল ইসলাম (১৮) এবং পোশাক শ্রমিক ফোরকান উদ্দিনের (১৯) লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার খুলশী থানায় একটি মামলা করেন নিহত কামরুলের বাবা আব্দুল হাকিম।

মামলায় উল্লেখিত নয় জন ছাড়াও অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।