নওগাঁয় ভটভটি-পিকআপ সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু
নওগাঁর রানীনগর উপজেলায় ভটভটি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হন চারজন।
বুধবার সকাল ১১টার দিকে সিংগারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আরা (৬০) উপজেলার আমগ্রামের মৃত মাসুম সরদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, সকালে রানীনগর থেকে ছেড়ে আসা ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভটভটির পাঁচ আরোহী আহত হন।
আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
