শ্রীপুর উপজেলায় ভোট ৩১ মার্চ
ক্ষমতাসীন দল সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের সংঘর্ষের পর স্থগিত হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ওইদিন অন্য ৭৪টি উপজেলার সঙ্গে শ্রীপুরে ভোটের প্রস্তুতি নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শ্রীপুরে ভোট হওয়ার কথা ছিল।
তবে ৮ মার্চ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হাসান চৌধুরী এবং একই দলের নেতা ও চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় গুলবিদ্ধ ছাত্রলীগকর্মী আল আমীন পরদিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উদ্ভূত পরিস্থিতিতে ‘সুষ্ঠু পরিবেশ’ না থাকার কারণ দেখিয়ে এ উপজেলায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
সংঘর্ষের পর ইকবাল হাসানের বদলে আবদুল জলিলকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
শ্রীপুরের ভোট স্থগিত
