বেনাপোলের পিকনিক-বাস দুর্ঘটনায় আহত আরেক শিক্ষার্থীর মৃত্যু
যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বনভোজনের বাস খাদে পড়ে আহত আরেক শিক্ষার্থীর মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনা ওই স্কুলের নয় শিক্ষার্থীর মৃত্যু হয়।
বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইয়ানূরের (১২) মৃত্যু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার (ইয়ানুর) মা আলেয়া বেগম।
বেনাপোলের ছোট আচড়া গ্রামের ইমানুর রহমানের একমাত্র ছেলে ইয়ানুর বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে একরামুল ও ইয়ানুরকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ ফেব্রুয়ারি একরামুল মারা যায়।
ইয়ানুরের চাচা কামাল হোসেন বলেন, সন্ধ্যা নাগাদ মরদেহ বাড়িতে আসতে পারে। রাতেই জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
গত ১৫ ফেব্রুয়ারি রাতে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পিকনিক বাস মেহেরপুর থেকে ফেরার সময় যশোরের চৌগাছা উপজেলায় রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে সাত শিশুর মৃত্যু হয়। আহত হয় প্রায় অর্ধশত।
ওই দুর্ঘটনা নিহত শিক্ষার্থীরা হচ্ছে, বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের সৈয়দ আলির দুই মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন, তৃতীয় শ্রেণির ছাত্রী জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলির ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র শান্ত, ইউনূস আলির মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মিথিলা ওরফে মিতালী, কালুমিয়ার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রুনা, গাজিপুরের সেকেন্দার আলি ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও নামাজগ্রামের হাসান আলির মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী আখি এবং ছোট আচড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র একরামুল।
