সমান সুযোগের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব: স্পিকার
সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্য, আইনের দৃষ্টিতে সমতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারলে জনগণের ক্ষমতায়ন এবং উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩০তম সম্মেলনের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী শান্তি প্রতিষ্ঠায় দারিদ্র বিমোচনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “একমাত্র প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থার মাধ্যমেই উন্নয়ন ও শান্তি অর্জন সম্ভব হয়। সহনশীলতা, আইনের সমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সামাজিক নিরাপত্তা গণতন্ত্র ও শান্তির স্তম্ভ।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন মডেলের কথা উল্লেখ করে স্পিকার বলেন, “মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত। সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টির মতো বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।”
জেনেভা সফরে স্পিকার সোমবার নেদারল্যান্ডসের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার আনুচকা ভ্যান মিলটেনবার্গ এবং ভিয়েতনাম পার্লামেন্টের প্রেসিডেন্ট এনগুয়েন সিন হুংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
