মাহমুদুরের বিরুদ্ধে সম্পদের মামলায় ১৬ এপ্রিল অভিযোগ গঠন
সম্পদের তথ্য বিবরণী দাখিল না করার অভিযোগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন হবে আগামী ১৬ এপ্রিল।
মঙ্গলবার এই মামলায় ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায়ের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাবন্দি মাহমুদুর রহমানকেও হাজির করা হয়েছিল।
তবে আসামির আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন জানানোর পর বিচারক অভিযোগ গঠন পিছিয়ে নতুন দিন ঠিক করে দেন।
এদিন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য আবেদন করেন মোশাররফ হোসেন কাজল।
এদিনও শুনানির জন্য সময়ের আবেদন করেন মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। তবে তা নাকচ করে দেন বিচারক।
২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এই মামলা হয়। মামলা দায়েরের আগে ২০১০ সালের ১২ এপ্রিল তাকে সম্পদের হিসাব দিতে নোটিস দেয়া হয়েছিল।
