বান্দরবানে পরিবহন ধর্মঘট শুরু
লামা-আলীকদম সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে জেলার বশে কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে আন্দোলনকারী নেতারা জানান।
লামা, আলীকদম ও চকরিয়া পরিবহন মালিক সমিতির নেতা মো. হোসেন জানান, সম্প্রতি বান্দরবানের লামা-আলীকদমসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেড় শতাধিক মোটরসাইকেল যাত্রী পরিবহন করে চলেছে। এতে পরিবহন মালিক সমিতিকে গুণতে হচ্ছে লোকসান।
এই পরিবহন কাজে নিয়োজিত রয়েছে প্রায় ৫ শতাধিক মালিক ও ২ হাজারের বেশি শ্রমিক। তাদের জীবিকা নির্বাহে হতাশা দেখা দিয়েছে।
মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের জন্য অনেকবার প্রশাসনকে অবহিত করেও কোনো সাড়া না পাওয়ায় সর্বশেষ ৯মার্চ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এটি বন্ধের সময় ১৭ মার্চ পর্যন্ত বেঁধে দেন।
“এর সুরাহা না পাওয়ায় ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”
লামা থানার ওসি মো. শাহ জাহান জানান, ধর্মঘট চলাকালে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার সুমি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বলে বিভিন্ন রুটে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবহন মালিক পক্ষকে আলোচনা করে সমাধানের জন্য ডাকা হয়েছে বলেও জানান ইউএনও।
