ড্যাপ বাস্তবায়নে দুই কমিটি
রাজধানীর উন্নয়নে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে একটি উপ-কমিটি এবং একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব কমিটি গঠন করা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ড্যাপের আওতাভুক্ত ভূমির শ্রেণী পরিবর্তন সংক্রান্ত কারিগরি কমিটির সুপারিশ পর্যালোচনা করে মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের জন্য ভূমিমন্ত্রীকে আহ্বায়ক করে উপকমিটি করা হয়েছে।
পরিবেশ ও বনমন্ত্রী, ভূমি সচিব, স্থানীয় সরকার সচিব, পরিবেশ ও বন সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং রাজউক চেয়ারম্যান এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
এছাড়া ড্যাপের আওতাধীন ভূমি ব্যবহারের বাস্তব পরিস্থিতি সরেজমিন যাচাইয়ের জন্য রাজউকের সদস্যকে (পরিকল্পনা) আহ্বায়ক করে সাত সদস্যের করিগরি কমিটি করা হয়েছে।
এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন নগর উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, স্থাপত্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি।
রাজউকের পরিচালককে (নগর পরিকল্পনা) এই কমিটর সদস্য সচিব করা হয়েছে।
১৯৯২ সালে সরকারের নেয়া মহাপরিকল্পনা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) প্রণয়নের উদ্যোগ নেয়া হয়। ২০১০ সালের জুলাইয়ে গেজেট আকারে ড্যাপ প্রকাশ করা হয়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, নৌমন্ত্রী শাজাহান খান ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন।
পানিসম্পদ সচিব জাফর আহমেদ খান, নৌ সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, রেলপথ সচিব আবুল কালাম আজাদ, পরিবেশ ও বন সচিব শফিকুর রহমান পাটোয়ারী, ভূমি সচিব মোহাম্মদ শফিউল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানী, রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা সভায় উপস্থিত ছিলেন।
