হিমু হত্যাকাণ্ডের বাদিকে জেরা অব্যাহত
কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যার মামলার বাদিকে ষষ্ঠ দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।
মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদলতে এ মামলার কার্যক্রম পরিচালিত হয়। আদালত বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
হিমুর মামা বাদি শ্রীপ্রকাশ দাশ অসিতকে জেরা করেন আসামি শাহাদাত হোসেন সাজুর আইনজীবী। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জবানবন্দি দেন তিনি। এরপর থেকে তাকে জেরা শুরু হয়।
মঙ্গলবারের জেরার বিষয়ে শ্রীপ্রকাশ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনজীবী জানতে চান- আসামিদের ও সাক্ষীদের আমি আগে থেকে চিনতাম কি না এবং আসামিদের সঙ্গে হিমুর বন্ধুত্ব ছিল কি না ?
“জবাবে বলেছি, আসামিদের আমি আগে চিনতাম না, সাক্ষীদেরও চিনি না। হিমুর সাথে আসামিদের বন্ধুত্ব ছিল কি না, এবিষয়ে আমি জানি না।”
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশে আসামি শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে। আহতাবস্থায় ২৬ দিন চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীপ্রকাশ দাশ পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
এ বিষয়ে চার দফা শুনানি পেছানোর পর গত ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
অভিযুক্তরা হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
এর মধ্যে টিপু ও সাজু জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন।
