২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচ ছাত্র আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 11:58 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, সোমবার এ সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুয়েটের শিক্ষার্থী, পুলিশ ও এলাকাবাসী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে গাজীপুর শহরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সম্মিলিত ছাত্রলীগ সোমবার আলোচনা সভা ও শোভাযাত্রসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে সকালে ক্যাম্পাসে ছাত্রলীগের একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ছাত্রলীগের কয়েকজন নেতা ক্যাম্পাস সংলগ্ন এক মার্কেটে  চার দোকানে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা সেখানে গিয়ে তাদের মারধোর করে। এতে ডুয়েট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শিহাব ও সাংগঠনিক সম্পাদক একেএম আরিফ আহত হন।

এরপর ক্যাম্পাসে দুপক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে এ ঘটনা মিমাংসার জন্য দুপুরের পর উভয়পক্ষের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে সমঝোতা বৈঠকে বসেন।

এসময় ছাত্রলীগের ২০/২২ জন বহিরাগত ক্যাম্পাসে ঢুকে পাল্টা হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধোর করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সময় আহত হন ডুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুদরত ই খুদা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল ও সাবেক ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। পরে তারা একটি মিছিলও করে। এসময়ে অপর একটি গ্রুপও মিছিল বের করলে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে বহিরাগত কিছু ছেলে ক্যাম্পাসে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক গণেশ চন্দ্র সাহা জানান, “ঘটনাটি আমার জানা থাকলেও এ মুহূর্তে তদন্ত ছাড়া আমি কিছু বলতে চাচ্ছি না।”