পুলিশ কোপানোয় আটক ১১
রংপুর পুলিশের এক এসআইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর জুম্মাপাড়া ও নীলকণ্ঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে কিরিচ, ছোরা ও ২০টি রামদা উদ্ধার করা হয়।
আটকরা হলেন নান্টু, রাজিব, সেন্টু, জাহাঙ্গীর আলম, ফাইটার, রতন, সিরাজুল, মজনু, স্বাধীন, পারভেজ শেখ এবং সাজু মিয়া।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আটকরা সবাই নগরীর জুম্মাপাড়া, নীলকণ্ঠ ও রাধাবল্লভ এলাকার বাসিন্দা।
আটক ১১ জনের নামে কোতয়ালী থানায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
রোববার রাত ৯টায় এসআই হায়দার আলী সার্কিট হাউসে দায়িত্ব পালন শেষে পুলিশ লাইনে ফেরার পথে রংপুর সরকারি কলেজের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের বাধা দেয়ার চেষ্টা করায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে তারা।
এসআই হায়দার রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম বলেন, “হাত ও মাথায় জখম হলেও হায়দার আলী বর্তমানে আশঙ্কামুক্ত।”
