২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারো চালকল বন্ধ, নজর নেই সরকারের

ধানের অভাবে রংপুরে দেড় হাজারের বেশি চালকল ও চাতাল বন্ধ হয়ে রয়েছে। এতে ৫০ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সরজমিন ঘুরে জানা যায় বড় মিল মালিকরা বেশি মজুদ করায় ছোট চালকলগুলো বিপাকে পড়েছে।

এর আগে সরকার চালের মজুদের ব্যাপারে সজাগ থাকলেও এবার নজরদারি নেই বলে স্বীকার করলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

রংপুরের প্রসিদ্ধ চালের মোকাম নগরীর মাহিগঞ্জে।

সেখানকার রফিক রাইচ মিলস্ এর নারী শ্রমিক হাজেরা খাতুন ও মর্জিনা বেগমের সাথে কথা হয়। তারা জানান, চালকল চালু থাকলে দৈনিক তাদের ২০০ টাকা আয় হয়।

হাজেরা বলেন, “কাম না থাকায় মালিকের কাছ থাকি আগাম মজুরি নিয়া কষ্টে দিন কাটাইতুচি।”

গত দুই মাস ধরে এ অবস্থার কারণে পুরুষ শ্রমিকদের কেউ কেউ পেশা বদল করেছে। তবে বেশির ভাগ শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।

হক রাইচ মিলের শ্রমিক আনোয়ার হোসেন বলেন, “১৪ বছর ধরি চালকলে কাম করতুচি। এলা কাম না থাকায় রিকশা চালায়া সংসার চালা নাগতোচে।”

পরিস্থিতি নিয়ে কথা হয় জেলা চালকল মালিক সমিতির আহ্বায়ক নজরুল হক বসুনিয়ার সঙ্গে।

তিনি জানান, রংপুরের ৮ উপজেলায় ছোট বড় মিলে আড়াই হাজার চালকল আছে।

দুই হাজার চালকল মালিকের নিজের চাতাল রয়েছে। এরই ১৫০টি চালকল ও চাতাল মাহিগঞ্জেই রয়েছে।

এসব চাতালে ধান সিদ্ধ করা, শুকানো ও চালকলে ৬০-৭০ হাজার শ্রমিক কাজ করে।

তার দাবি ধানের অভাবে দেড় হাজারের বেশি চালকল ও চাতাল বন্ধ হয়ে যাওয়ায় ৫০ হাজারের বেশি শ্রমিক সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে।

তিনি বলেন, “ আগে রংপুর থেকে টাঙ্গাইল, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চাল যেত।

“এখন এসব জেলায় বড় বড় চালকল স্থাপিত হয়েছে। ফলে এসব জেলায় বর্তমানে চালের বদলে ধান যাওয়ায় রংপুরে ধান সঙ্কট দেখা দিয়েছে।”

মাহিগঞ্জের অপর মালিক শেখ আবুল কাশেম জানালেন গত বছর তার চালকলে ৩ হাজার মেট্রিক টন চাল হলেও এবার ধান মিলেছে ১ হাজার ২০০ মেট্রিক টন।

তিনি বলেন, “জেলার হাট বাজারগুলোতে এখন তেমন একটা ধান মিলছে না।

“ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ধান বিক্রি করে আলু ও বোরো চাষাবাদের পিছনে খরচ করেছে।”

“বড় কৃষকের ঘরে যে ধান আছে তা নিজেদের খোরাকির জন্য রেখেছে। ফলে হাট-বাজারে ধান পাওয়া যাচ্ছে না।”

তবে বড় চালকল ও চাতাল মালিকদের গুদামে পর্যাপ্ত ধান মজুদ থাকায় তাদের চালকল ও চাতালগুলো সচল রয়েছে বলে জানান তিনি।

ধানের অভাবে তাদের চালকল দেড় মাস দলে বন্ধ বললেন আরেক চাতাল মালিক নুরুল ইসলাম মোল্লা। তার চালকলে কর্মহীন হয়েছে ৫০ জন শ্রমিক।

তিনি জানান, বর্তমানে রংপুরে ধান-চালের বাজার নিয়ন্ত্রণ করছে মজুতদাররা।

তারা হাজার হাজার মেট্রিক টন ধান কিনে মজুদ করেছে। এখন ধান সঙ্কটের সময় নিজেদের চালকলে সে ধান থেকে চাল তৈরি করে বেশি দামে বিক্রি করে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

এ পরিস্থিতিতে সরকারের করণীয় জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল উদ্দিন জানান, খাদ্যদ্রব্য মজুদ বিরোধী আইন অনুযায়ী একজন চালকল মালিক তার চালকলের সামর্থের তিনগুণ ধান মজুদ রাখতে পারবেন।

তিনিও বলেন, “কিন্তু এই আইন বড় চালকল ও অটোমেটিক চালকল মালিকরা কেউই মানছেন না।”

কিন্তু তার পদক্ষেপ না নেবার কারণ দেখান- ধান সঙ্কটের সময় আর আইন প্রয়োগ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।

এর সাথে যোগ করেন, “এ বিষয়ে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে নজরদারিও করতে বলেনি। ”

তবে তিনিই জানালেন গত বছর এ সময় নজরদারি করতে বলেছিল মন্ত্রণালয়।