নওগাঁয় শিক্ষকের ‘পিটুনিতে আহত’ শিক্ষার্থী
নওগাঁর রাণীনগর উপজেলায় বিদ্যালয়ে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
রোববার আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনায় আহত রেজ্জাক হোসেন ৭ম শ্রেণির ছাত্র। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, বিদ্যালয়টির সহকারী শিক্ষক নরোত্তম কুমার তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছেন।
রেজ্জাকের মামা সাহাজুল ইসলাম জানান, রোববার রেজ্জাক হোসেন স্কুল পোশাক না পরেই বিদ্যালয়ে যায়। একইদিন সে ক্লাসে পড়াও পারেনি।
এ কারণে শিক্ষক নরোত্তম কুমার তাকে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং নির্দয়ভাবে বেত্রাঘাত করেন। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
সাহাজুল বলেন, “প্রধান শিক্ষককে আমরা মৌখিকভাবে অভিযোগ দিয়েছি, এখনো এর কোনো সমাধান হয়নি।”
এদিকে এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই বিদ্যালয় ঘেরাও করে দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে প্রধান শিক্ষক আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে শিক্ষক নরোত্তম কুমার বলেন, ওই শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়েছে বিষয়টি ঠিক নয়। পড়া না পারার কারণে তাকে তিরস্কার করা হয়েছে মাত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চলছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রতন কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রকে এভাবে বেত্রাঘাত করা শিক্ষকের মোটেই উচিত হয়নি। ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
