৫ দিন পর মঙ্গলবার বসছে সংসদ
পাঁচ দিন মুলতবির পর মঙ্গলবার বিকালে বসছে সংসদ অধিবেশন।
গত বুধবার অধিবেশন ১৮ মার্চ বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
দশম সংসদে প্রথম বিলটি উঠছে মঙ্গলবার। দিনের কার্যসূচি অনুযায়ী, আইনমন্ত্রী আনিসুল হক ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ সংসদে উত্থাপন করবেন।
সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতনের সঙ্গে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দিতে আইন সংশোধনের এই প্রস্তাব সংসদে উঠছে। গত ২০ জানুয়ারি বিলটির অনুমোদন দেয় মন্ত্রিসভা।
গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। ওইদিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
