স্ত্রীর পর মারা গেলেন চুলার আগুনে দগ্ধ স্বামীও
রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যুর তিন দিনের মাথায় তার স্বামী সালামত হোসেনও মারা গেলেন।
৫৫ বছর বয়সী সালামত পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালের বার্ন ইউনিটে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ১০টায় মারা যান সালামত।
গত ৮ মার্চ ভোরে স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলার বাসায় চুলায় আগুন ধরানোর সময় দগ্ধ হন সালামত ও তার স্ত্রী লাভলী বেগম (৪৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মার্চ সন্ধ্যায় মারা যান লাভলী।
মোজাম্মেল হক জানান, লাভলীর শরীরের ৪৫ শতাংশ এবং সালামতের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল।
এই দম্পতির দুই সন্তানের মধ্যে বড় মেয়ে অগ্রণী গার্লস স্কুল ও কলেজে পড়ে। আর ছেলেটি নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
ওই ভবনের বাসিন্দা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী মনিরের ধারণা, গ্যাস লাইনের সমস্যা থেকেই সালামতের বাসায় ওই দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই মাস আগে ওই ভবনের তৃতীয় তলার আরেকটি ফ্লাটে গ্যাসের চুলায় হঠাৎ বিস্ফোরণ হলে একজনের মৃত্যু হয়।
ওই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাসের লাইন মেরামত বা কোনো ধরনের উদ্যোগই নেয়নি বলে অভিযোগ করেন মনির।
ঢাকায় চুলার আগুনে দম্পতি দগ্ধ
রাজধানীতে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
