সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত: জয়
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকারের নির্বাচনও দলীয়ভাবে হওয়ার পক্ষে মত জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
রংপুরের পীরগঞ্জের ফতেপুরে পৈত্রিক বাড়ি জয়সদনে সোমবার এক কর্মী সম্মেলনে তিনি এই মত প্রকাশ করেন।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন চলার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধনের ইঙ্গিত দিয়েছেন।
স্থানীয় নির্বাচনে দলগতভাবে প্রার্থিতা ঘোষণা ও দলীয় প্রতীক ব্যবহারের আইনি সুযোগ না থাকলেও কার্যত সব রাজনৈতিক দলই প্রার্থী বাছাই করে সমর্থন ঘোষণা করে থাকে।
উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতার দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্র প্রবাসী জয় বলেন,“তাহলে এই নির্বাচন কিভাবে নির্দলীয় হয়?
“যুক্তরাষ্ট্রে নির্দলীয় কোনো নির্বাচন হয় না। ইউরোপ, কানাডা, ভারতেও কোনো নিদলীয় নির্বাচন হয় না। স্বৈরাচারদের আইন বাতিল করে আমাদের ফিরে যাওয়া উচিত। সকল নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত।”
উপজেলা নির্বাচনের প্রথম তিন পর্বে বিএনপি সমর্থিত চেয়ারম্যান বেশি বিজয়ী হলেও ভোটের হিসেবে আওয়ামী লীগ এগিয়ে বলে দাবি করেন জয়।
“আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। তবে অনেক কারণে বিপুলভাবে হয়ত সিট পায়নি।”
বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর জয় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “জামায়াতও এই নির্বাচনে অংশ নিতে পারছে, যারা আইনগতভাবে নিষিদ্ধ। এটা লজ্জার বিষয়।”
দুই দিনের রংপুর সফরে এসে রোববার রংপুর জিলা স্কুল মাঠে একটি জনসভা ও সার্কিট হাউসে একটি কর্মী সভায় অংশ নেন জয়। এরপর রাতে পীরগঞ্জের ফতেপুরের পৈত্রিক বাসা জয়সদনে রাত কাটান তিনি।
সোমবার রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশে সজীব ওয়াজেদ জয়।
সোমবার সকালে বাবা ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন জয়। এরপর কেক কেটে নানা বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করেন।
কর্মী সম্মেলনে জয় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, “নানার স্বপ্ন ছিল মানুষকে স্বাধীন করা, শুধু পাকিস্তানিদের থেকে নয়, অর্থনৈতিকভাবে স্বাধীনতা এনে দেয়া। এজন্য তিনি দিনের পর দিন জেল খেটেছেন, বাংলাদেশের জন্য প্রাণ দিয়ে গেছেন।”
বঙ্গবন্ধুর আদর্শ লালনের কথা উল্লেখ করে নাতি জয় বলেন, “আমার মা আমাকে ও আমার বোনকে বলতেন, তোমার নানার যে সুনাম, কোনোদিন এমন কিছু করো না, যাতে সেই সুনাম নষ্ট হয়।”
“আমরা সেই সুনাম রক্ষা করেছি। আমরা পড়াশোনা করেছি, কোনোদিন দুর্নীতিতে জড়িত হইনি, সন্ত্রাসে জড়িত হইনি।”
“আমাকে অনেকেই বলেছেন, নির্বাচন করতে, মা-ও বলেছেন। আমি বললাম, আগে দেশের জন্য কাজ করতে চাই। ক্ষমতা, পদ পরে পাওয়া যাবে।”
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জয় বলেন, “আপনারাও পদ-পদবি ভুলে দেশের জন্য কাজ করুন। আপনারা জনগণের জন্য কাজ করলে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে।”
কর্মীসভায় আরো বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।
কর্মীসভা শেষে সকাল পৌনে ১১টার দিকে ফতেপুর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন জয়।
সেখান থেকে একটি ফ্লাইটে দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণভবনে যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
উত্তরবঙ্গের ‘দায়িত্ব’ নিলেন জয়
