বেনাপোলে পিস্তলসহ একজন আটক
বেনাপোল, মার্চ ১৭- যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাত ১১টার দিকে বারোপোতা গ্রামে একটি বাড়িতে এ অভিযান চালিয়ে ইমামুর রহমানকে আটক করা হয়।
ইমামের কাছে তিনটি পিস্তল, পাঁচটি গুলি ও ছয়টি ম্যাগজিন পাওয়া গেছে বলে বিজিবি জানিয়েছেন। ইমাম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ ঘটনায় সোমবার বেনাপোল বন্দর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিজিবি কর্মকর্তা মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে চোরাই পথে অস্ত্রের চালান একটি বাড়িতে রাখা হয়েছে, এ সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয় এবং অস্ত্রগুলো জব্দ করা হয়।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ একই গ্রাম থেকে ছয়টি পিস্তল, বেশকিছু গুলি ও ম্যাগজিনসহ এক কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বিজিবি।
