২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাক সেনাদের সঙ্গে ছিলেন আজহার’

একাত্তরে হত্যাকাণ্ড চালানোর সময় পাকিস্তানি সৈন্যদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে দেখার কথা জানিয়েছেন এক সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মেছের উদ্দিন ৪৩ বছর আগের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আজহারের সাদা শার্ট-প্যান্ট পরে থাকার কথাও জানান।

ট্রাইব্যুনালের কাঠগড়ায় থাকা আজহারকে সনাক্ত করে ৬৬ বছর বয়সি মেছের তার বিচারও চান আদালতের কাছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি।

একাত্তরের ১৭ এপ্রিল বিষ্ণুপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিলের আশেপাশের ছয়টি গ্রাম ঘিরে ফেলে পাকসেনা ও তাদের এদেশীয় সহযোগীদের হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি।

ওই সময় সময় ঝাড়ুয়ার বিলের পাশে লুকিয়ে থেকে আজহারকে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে দেখেছিলেন বলে সাক্ষ্যে জানান মেছের।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“পার্বতীপুর থেকে একটি ট্রেনে করে আসে অবাঙ্গালি বাচ্চু খান, কামরুজ্জামান এমপি, বদরুল, নয়ীম কাজীসহ আরো অনেকে। তাদের সঙ্গে ছিলো খানসেনারা। ট্রেন থেকে নেমে তারা বিষ্ণুপুর ইউনিয়নের বকশীগঞ্জ ঘাটের দিকে যায়।”

“আরেকটি ট্রেনে করে আজহারুল ও তার সহযোগীরা আসে। তারাও বকশীগঞ্জের দিকে যেতে থাকে। পরে এই দুই দল মিলে আশেপাশের ছয়টি গ্রাম চারদিক থেকে ঘিরে ফেলে।”

মেছের বলেন, সেদিন প্রায় ১২শ’ মানুষ নিহত হন। তার খালাতো ভাইসহ পরিচিত কয়েকজনকে গুলি করে হত্যার পর লাশ ঘোড়া ডোবা রেল ব্রিজের দক্ষিণ পাশে ফেলে দেয়া হয়েছিল।

একাত্তরের ১৫ এপ্রিল রামনাথপুর ইউনিয়নে কয়েকটি পাড়ায় অগ্নিসংযোগ এবং কয়েকজনকে হত্যা করা হয়েছিল  জানিয়ে পরদিন সেখানে আজহারের যাওয়ার কথাও জানান সাক্ষী।

মেছের বলেন, ট্রেন থেকে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে আজহারকে নেমে রামনাথপুর ইউনিয়নের দিকে এগুতে থাকেন।

“তখন এলাকার আতঙ্কিত লোকজন জীবন বাঁচানোর তাগিদে মকছেদপুর ও ধাপপাড়ার দিকে পালাতে থকে। এসময় আজহারের নেতৃত্বে পাকবাহিনীরা গ্রাম ঘেড়াও করে ১৫ জনকে হত্যা করে।”

এই ঘটনা নিজে দেখেননি জানিয়ে মেছের বলেন, আমিনুল,মোখলেস, মকবুল, আজমল  খানসহ আরো অনেকের কাছে শুনেছেন তিনি।

সাক্ষী আরো বলেন,পাকিস্তানি বাহিনী বদরগঞ্জের নিয়ন্ত্রণ নিলে ধনাঢ্য জগদীশ বাবুর বাড়ি দখল করে সেখানে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর কার্যালয় স্থাপন করেন আজহার।

যুদ্ধের সময় রংপুর টাউন হলে মেয়েদের ধরে এনে নির্যাতন চালানো হত জানিয়ে মেছের বলেন, স্বাধীনতা যুদ্ধের পর সেখানে মেয়েদের ব্লাউজ, পেটিকোট এবং মৃত গলিত লাশ দেখতে পান তিনি।

মেছের বলেন, স্বাধীনতার পর পর আজহার পলাতক ছিলেন। এরপর ১৯৭৫ এ রাজনৈতিক পট পরিবর্তন হলে রাজনীতিতে সক্রিয় হন তিনি।

১৯৯৬ সালে সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আজহারের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন মেছের।

মেছেরের সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় শুনানি আগামী ১৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।