শিক্ষক নিয়োগ নিয়ে ঢাবির দুই বিভাগের পাল্টাপাল্টি অবস্থান
স্কুল-কলেজ পর্যায়ে ভাষাবিজ্ঞানের স্নাতকদের বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রশ্নে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেছেন দুই বিভাগের শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগের এবং বিকালে মধুর ক্যান্টিনে বাংলা বিভাগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীদের দাবি, স্কুল-কলেজে ভাষাবিজ্ঞান বিভাগ না থাকায় বাংলা বিষয়ে ব্যাকরণ অংশ পড়ানোর জন্য ভাষাবিজ্ঞান থেকে শিক্ষক নিয়োগ দিতে হবে। ভাষাবিজ্ঞান বিভাগে ব্যাকরণ অংশ বেশি পড়ানো হয়। তাই তারা ব্যাকরণের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য।
আর বাংলায় সাহিত্য বেশি পড়ানো হয়, তাই তাদেরকে সাহিত্যের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হোক।
বাংলা বিভাগের শিক্ষার্থীদের দাবি, ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীরা বাংলা বিষয়ে তাদের তুলনায় অনেক কম পড়েন বলে তাদেরকে বাংলার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।
ভাষাবিজ্ঞান বিভাগের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শিক্ষার্থী আল কাইয়ুম খান বলেন, ভাষাবিজ্ঞানে অগাধ জ্ঞান অর্জন করলেও বাংলার শিক্ষক হিসেবে নিয়োগ না পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এ বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক হওয়ার সুযোগ পেলে ব্যাকরণের উৎকর্ষ সাধন ও সংস্কার করতে সক্ষম হবে।
অন্যদিকে বিকেলে বাংলা বিভাগের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শিক্ষার্থী জয়নাব শান্তু বলেন, ভাষাবিজ্ঞান বিভাগে সাহিত্যের পরিসর খুবই সীমিত। চার বছরের অনার্সে মাত্র ছয় ক্রেডিট সাহিত্যের উপর পড়ানো হয়। বাংলা বিভাগে সাহিত্যের উপরই পাঠদান করা হয় প্রায় ১০০ ক্রেডিট।
লিখিত বক্তব্যে বলা হয়, স্কুল-কলেজে বাংলার বড় অংশ সাহিত্য পাঠদানের জন্য বাংলা বিভাগে পড়াশুনা করা আবশ্যক। এমনকি স্কুল-কলেজে ব্যাকরণের যে অংশটুকু তাও বাংলা বিভাগে পড়ানো হয়। কিন্তু ভাষাবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পরবর্তী সময়ে ব্যাকরণের অংশ পড়াতে সক্ষম হলেও সাহিত্য পড়ানোর জন্য কোনোভাবে যোগ্য নয়। সুতরাং, ভাষাবিজ্ঞান কখনোই বাংলা’র বিকল্প বা সমমানের হতে পারে না।
তাই বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ‘বাংলা শিক্ষক হিসেবে ভাষাবিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের নিয়োগের প্রস্তাব অযৌক্তিক।
আগামী ২১ মার্চের মধ্যেই এই উদ্যোগ প্রত্যাহার করে দাবি মানা না ২৩ মার্চ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, “বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ‘বাংলা শিক্ষক’ হিসেবে ভাষাবিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের যোগ্য করার দাবি সম্বলিত একটি প্রস্তাব গত বছরের ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে পাঠানো হয়। ভাষাবিজ্ঞান বিভাগের এই অযৌক্তিক দাবির প্রেক্ষিতে বেসরকারি স্কুল-কলেজে ‘বাংলা শিক্ষক’ নিয়োগে শিক্ষা মন্ত্রণালয় ভাষাবিজ্ঞান বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে।”
