প্রতিমন্ত্রীর নির্দেশে কর্ণফুলী তীরের ইটভাটা বন্ধ, আটক ১
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে স্থাপিত একটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নদীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় পরিদর্শনে গিয়ে ‘প্যাসিফিক মেরিন সার্ভিস ও স্বয়ংক্রিয় ইটভাটা’র এক কর্মকর্তাকে আটকেরও নির্দেশ দেন তিনি।
প্যাসিফিক মেরিন সার্ভিস ও স্বয়ংক্রিয় ইটভাটার মালিক আবু জাফর মো. ছালেক নগরীতে ‘বালু জাফর’ নামে পরিচিত।
প্রতিমন্ত্রীর নির্দেশের পর অভিযানে থাকা পুলিশ সদস্যরা ওই ইট ভাটার চুল্লী বন্ধ করে দেয় এবং ব্যবস্থাপক প্রদীপ দত্তকে আটক করে।
পরে ভাটার কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়।
প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী চার হাজার কোটি টাকা দামের প্রায় ১৫৯ একর জমি দীর্ঘ দিন ধরে দখল করে রেখেছে ওই ভাটা কর্তৃপক্ষ।
“জমির মালিকানা নিয়ে ভাটার মালিকপক্ষ মামলা করেছে। মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। কিন্তু নদীর তীরের জমিতে ইট ভাটা করার কোনো অনুমতি তাদের নেই। এ কারণে সেটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে”।
কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের সময় ওঠানো বালি ও মাটি ব্যবহার করে ওই ভাটায় ইট তৈরি করা হয়।
আটকের আগে ব্যবস্থাপক প্রদীপ সাংবাদিকদের বলেন, নদীর ড্রেজিংয়ে উঠে আসা মাটি ও বালু অপসারণের কাজটি প্যাসিফিক মেরিন সার্ভিস পায়।
“কাজের শর্ত অনুসারে ড্রেজিং এর মাটি গভীর সাগরে অথবা নগরীর বাইরে ফেলে আসতে হবে। এজন্য প্রায় দেড় হাজার ট্রাক চলাচলের অনুমতি চেয়েও ট্রাফিক বিভাগের সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা ইট ভাটা করে এসব মাটি ব্যবহার করছিলাম।”
অভিযানের সময় ভূমি প্রতিমন্ত্রী জাবেদ ওই এলাকায় তীর ঘেষে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আব্দুল কাদের এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
