২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল আব্বাস সালাম কারাগারে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন বাতিল করে দেয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে হাকিম আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 12:29 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

বিক্ষোভের ডাক বিএনপির

নেতাদের আটকে আন্দোলন থামবে না: খালেদা

ফখরুলসহ ৫ জনের জামিন বাতিল

মির্জা ফখরুল, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর বেলা ১টার দিকে তাদের তিনজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বলে কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মুরাদ হোসেন জানান।

হরতাল-অবরোধের মধ্যে গত বছরের ২৪ ডিসেম্বর গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে বাংলামোটরে পুলিশ হত্যা এবং ৩০ নভেম্বর মালিবাগ ও গত ৩ জানুয়ারি পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার তিনটি মামলায় গত ২০ জানুয়ারি হাই কোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান ফখরুল।

ওই তিন মামলায় মির্জা আব্বাস এবং রমনা থানার একটি মামলায় আব্দুস সালামকেও জামিন দেয় হাই কোর্ট।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গত ৯ মার্চ ওই তিনজনসহ পাঁচ বিএনপি নেতার জামিন বাতিল করে দেয়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার আপিল বিভাগের রায়ের বিষয়ে জানিয়ে বিচারিক আদালতের কাছে আবারো জামিনের আবেদন করেন ফখরুল, আব্বাস ও সালাম।

ফখরুল ও সালাম বেলা ১১টার দিকে এজলাসের বারান্দা দিয়ে ধীর স্থির পায়ে এজলাসে আসেন এবং বেঞ্চে বসেন। এর আধ ঘণ্টা পর উদ্বিগ্ন আব্বাসকে সিগারেট টানতে টানতে এজলাসের দরজায় পৌঁছাতে দেখা যায়। আইনজীবী ও পুলিশের জটলা ঠেলে এজলাসে ঢুকে আসনে বসেন তিনি।

তিন বিএনপি নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ

তারা বলেন, আপিল বিভাগ জামিন বাতিলের আদেশে একটি পর্যবেক্ষণ দিয়েছেন, যার সত্যায়িত অনুলিপি তারা পাননি। তাছাড়া বিএনপির তিন নেতাই অসুস্থ, মামলার এজাহারেও তাদের কারো নাম নেই। সামাজিক মর্যাদাসম্পন্ন এই ব্যক্তিরা জামিনে গেলে পলাতক হবেন না।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পিপি আবু আবদুল্লাহ আপিল বিভাগের আদেশের ব্যাখ্যা তুলে ধরে জামিনের বিরোধিতা করেন।

আধঘণ্টা শুনানি শেষে বিচারক নথিপত্র দেখে আদেশ দেবেন জানিয়ে আইনজীবীদের বলেন, জামিনের সম্ভাবনা ‘ক্ষীণ’।

তিনি খাস কামরায় চলে যাওয়ার মিনিট দশেক পর তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ আসে।

এদিকে শাহবাগে বাসে বোমা ছুড়ে যাত্রী হত্যা মামলাতেও আপিল বিভাগ আসামিদের জামিন বাতিল করেছিল। ওই মামলাতেও রোববার  জামিন চেয়েছিলেন বিএনপির তিন নেতা। কিন্তু মামলার নথি বিচারকের সামনে ছিল না বলে জামিন শুনানি হয়নি।

তাদের কারাগারে পাঠানোর আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।