মাদারীপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আলগী গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বদরুনেছা (১৩) আলগী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের এনায়েত মাতুব্বরের মেয়ে।
সদর থানার ওসি মোফাজ্জল হোসেন জানান, গত ১২ মার্চ সন্ধ্যায় বদরুনেছা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি।
শনিবার দুপুরে একই গ্রামের পঞ্চ মাতুব্বরের বাড়ির পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ বদরুনেছার অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
