২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদনে নির্বাচনী সংঘাতে নিহত ১

নেত্রকোনার মদন উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 03:28 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

উপজেলা নির্বাচনের চতুর্থ পর্বে আগামী ২৩ মার্চ মদনে ভোটগ্রহণ হবে। তার আট দিন আগে শনিবার ফতেপুর গ্রামে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মেনু মিয়া (৩৮) বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আকন্দের সমর্থক ছিলেন। বিএনপি চেয়ারম্যান পদে এম এ হারেছকে সমর্থন দিলেও রফিক প্রার্থী হন এবং এই কারণে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।

মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পোস্টার ছেড়া নিয়ে হারেছের সমর্থক ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রইছ উদ্দিনের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার মিয়ার অনুসারীদের কথাকাটাকাটি হয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হায়দারের অনুসারীদের আক্রমণের মুখে রইছ উদ্দিনের বাড়ি থেকে গুলি ছোড়া হলে মেনু মিয়া গুরুতর আহত হন বলে জানান ওসি।

মেনু মিয়াকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ নেয়ার পথে দুপুরে মেনু মিয়ার মৃত্যু হয় বলে বিএনপি নেতা হায়দার জানিয়েছেন।

এই সংঘর্ষে আরো অন্তত চারজন আহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।