২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুস্থ চেতনার জন্য খেলাধুলা ও সাহিত্য চর্চা দরকার’

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সুস্থ নাগরিক চেতনা জাগিয়ে তুলতে খেলাধুলা ও সাহিত্য চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লাখো কণ্ঠে সোনার বাংলা উপলক্ষে বিভিন্ন  প্রতিষ্ঠানের সহায়তার চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “খেলাধুলা ও সাহিত্য চর্চা করলে সুস্থ নাগরিক চেতনা জাগ্রত হবে।”

শুক্রবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশের টেলিকম প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সরকার প্রধানের হাতে চেক তুলে দেয়া হয়।

চেক গ্রহণের পর আর্থিক সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কারো কাছে হাত পেতে চলতে চাই না। বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এজন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের একসাথে কাজ করতে হবে।”

২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় সংগীত সমবেতভাবে গাওয়ার বিশ্ব রেকর্ড করতে যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

এ উদ্যোগ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে- মন্তব্য করে তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের জাতীয় সংগীত জানা উচিত, গাওয়া উচিত।”

ওই দিন ঢাকাসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় সংগীত গাওয়া হবে বলে জানান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাত্রা দিয়েছে। খেলাধুলাকে আমরা বিশেষ গুরুত্ব দেই। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অবদান রাখে।”

খেলাধুলা ও সংগীত চর্চায় সবার অংশীদারিত্বের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করতে না পারে সেজন্য বিভিন্ন মহল থেকে আইসিসি’র কাছে চিঠি ও ই-মেইল পাঠানো হয়।

“এর বিরুদ্ধে অনেকে ছিল। কেউ যেন প্লেয়ার না পাঠায়, বাংলাদেশে যেন খেলা না হয়- সেজন্য অনেক চক্রান্ত হয়েছিল। আইসিসি তাতে নজর দেয়নি।”

আগামী রোববার থেকে শুরু হচ্ছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ১৬টি দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক ক্রিকেট উৎসব শেষ হবে ৬ এপ্রিল। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে এই আসরের ম্যাচ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই  টুর্নামেন্টের আনুষ্ঠানিক ‘উদ্বোধন’ ঘোষণা করেন।

২৪টি কর্পোরেট প্রতিষ্ঠান, আটটি টেলিকম কোম্পানি, ২৩টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ১০টি রাষ্ট্রীয় ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান এবং ২৮টি বেসকারি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে চেক তুলে দেয়া হয়।

বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এতে বেসরকারি উদ্যোক্তাদের সুবিধা হবে।”

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশ এনার্জির আনিসুল হক, কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে ইউনি গ্রুপের নূর আলী, ইস্ট কোস্ট গ্রুপের আজম জে চৌধুরী, ট্রান্সকম লিমিটেডের লতিফুর রহমান, অ্যাপেক্সের সৈয়দ মঞ্জুর এলাহী, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়ার আব্দুর রউফ চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের  ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এবং শাহজালাল ব্যাংকের পক্ষে একে আজাদ প্রধানমন্ত্রীর হাতে চেক তুলে দেন।