ময়মনসিংহে তরুণ লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ শহরে চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলার আসামি এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শফিকুল ইসলাম সেলিম ওরফে হাত কাটা সেলিম (৩৫) শহরের সাতঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী তরুণ লীগের জেলা কমিটির আহ্বায়ক।
কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, শুক্রবার দুপুরে পাশের হামেদ আলী রোডে সেলিমকে হত্যা করা হয়।
ওসি সরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে সাতঘড়িয়ার নিজ বাসা থেকে সেলিমকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক। পাশ্ববর্তী হামেদ আলী রোড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও তার গলা কেটে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “তার (সেলিম) বিরুদ্ধে কোতোয়ালী থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে কমপক্ষে ছয়টি মামলা রয়েছে।”
