২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ছিনতাইয়ে ‘জড়িত দুই জঙ্গি’ আটক

ময়মনসিংহের ত্রিশাল থেকে সন্দেহভাজন দুই জেএমবি জঙ্গিকে আটক করা হয়েছে, যারা দণ্ডিত আসামি ছিনতাইয়ে জড়িত ছিল বলে পুলিশের ধারণা।

ময়মনসিংহ প্রতিনিধি

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 12:26 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে ভালুকা থেকে গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাজেদুর রহমান জানান।

তিনি বলেন, ঢাকা ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার পর ত্রিশাল ও ভালুকার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় ত্রিশালের সউদকান্দা এলাকা থেকে আলামিন (২৫) ও জিতু (২৮) নামে দুজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে আলামিনের বাড়ি ত্রিশালের সউদকান্দায়, টিটুর পিরোজপুরে।

জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে ভালুকা উপজেলার মেজরভিটা এলাকা থেকে গুলি, বোমার সরঞ্জাম ও মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এস আই আব্দুস সালাম ভালুকা মডেল থানায় আলামিন ও টিটুর বিরুদ্ধে একটি মামলা করেছেন। সন্দেহভাজন দুই জেএমবি জঙ্গিকে ঢাকায় গোয়েন্দা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

ডিবির ওসি মাজেদুর রহমান বলেন, “ত্রিশালে প্রিজন ভ্যান থেকে দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। উদ্ধার হওয়া মোটর সাইকেলটি তারা ত্রিশালের ঘটনায় ব্যবহার করেছিল।”

গত ২৩ ফেব্রয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে তিন জেএমবি জঙ্গিকে ছিনতাই করা হয়।

ওই তিন জঙ্গি হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান।

এর মধ্যে রাকিবুল ওইদিনই টাঙ্গাইলে ধরা পড়েন এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।