২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর পক্ষে যুক্তিতর্ক শুরু

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম।

গত সোমবার থেকে নিজামীর মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর মোহম্মদ আলী।

এর আগে গত ১৩ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় তাদের লিখিত যুক্ততর্ক জমা দিতে বলে নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল।

এরপর ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি এ টিএম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১ এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হন। ২৬ ফেব্রুয়ারি প্রথম দিনের মতো এজলাসে বসেন তিনি। সেদিনই নিজামীর মামলায় আবারো যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১০ মার্চ দিন ধার‌্য করে ট্রাইব্যুনাল-১।

বুধবার এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এদিন যুক্তিতর্ক করেন প্রসিকিউটর মোহম্মদ আলী, তুরিন আফরোজ ও হায়দার আলী।

বৃহস্পতিবার আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে মিজানুল ইসলাম বলেন, “নিজামীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। মামলার অভিযোগপত্রে লেখা হয়েছে তিনি ছাত্রসংঘের প্রধান ছিলেন, এটা প্রসিকিউশন আয়োজন করেছে।”

মামলা দায়ের ও ট্রাইব্যুনালে নথিভুক্ত করার সময় অনেক অনিয়ম হয়েছে দাবি করে তিনি বলেন, “এই মামলার ডিজাইন, প্ল্যান সব হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। এ বিষয়ে আমার কাছে ডকুমেন্ট রয়েছে, তবে মাননীয় ট্রাইব্যুনাল সেটা গ্রহণ করেননি।”

মামলা দায়ের ও নথিভুক্তি নিয়ে বিভিন্ন অনিয়ম বিষয়ে মিজানুলের বক্তব্যের এক পর্যায়ে বিচারক জাহাঙ্গীর হোসেন প্রসিকিউটর মোহম্মদ আলীকে বলেন, “আপনাকে এটার জবাব দিতে হবে।”

প্রসিকিউটর তখন ট্রাইব্যুনালকে বলেন, তারা জবাব দেবেন।

যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহম্মদ আলী, মীর ইকবাল হোসেনসহ আরো কয়েকজন প্রসিকিউটর।

এরপর মিজানুলের আবেদনে শুনানি মুলতিব করে আগামী ১৯ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার‌্য করে ট্রাইব্যুনাল।

বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।

২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে একটি মামলায় গ্রেপ্তার করার পর একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গত বছর ১১ ডিসেম্বর জামায়াতের আমিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নেয়।