২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব কিছু আল্লাহর হাতে’

উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে গোলযোগের পর তৃতীয় পর্যায়ের ভোটে তা এড়াতে ইসি পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “একেবারে যে কিছু ঘটবে না, তা কি আগাম বলা যাবে। সব কিছু আল্লাহর হাতে।”

তৃতীয় পর্যায়ে ৮১টি উপজেলায় ভোটের দুদিন আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মোবারক একথা বলেন।

তবে ইসি কঠার থাকবে জানিয়ে তিনি বলেন, “অনিয়ম দেখলে ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি।”

তিনি জানান, সহিংসতা ও গোলযোগ এড়াতে পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রে নিরাপত্তা রক্ষী মোতায়েনে স্থানীয় প্রশাসনও ক্ষেত্রমতো ব্যবস্থা নেবে।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবারক বলেন, “বলার জন্যে কারো মুখে লাগাম নেই। যে কেউ কথা বলতে পারেন। ইসির জন্যে সবকিছুর জবাব দেওয়া সমীচীন নয়।”

বুধবার বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারি দলের সীমাহীন তাণ্ডবে তারা (ইসি) জেগে জেগে ঘুমাচ্ছে। যেমন সরকার তেমন তার বিশ্বস্ত পার্শ্বচর।”

এভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন নির্বাচন কমিশনার।

“আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। মাঠ পর‌্যায়ের কর্মকর্তা বা গণমাধ্যমে অভিযোগ এলেও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তি পাওয়া গেলেই ইসি স্বউদ্যোগে ব্যবস্থা নিচ্ছে।”