শাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির সভাপতিসহ ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
ধর্মঘটের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধর্মঘটকারীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা জোর করে প্রবেশের চেষ্টা করলে শাটগানের গুলি ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মঘটের সমর্থনে একাডেমিক ভবন বি এর সামনে থেকে শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি করে।”
এতে অন্তত আট শিবিরকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করলেও আহতদের নাম জানাতে পারেননি।
এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে। শিবিরকর্মীরা ভোরের দিকে কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলেও সকালে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তালা খোলা হয়।
ধর্মঘটের প্রথম দিনের মতো বৃহস্পতিবার সকালেও পুলিশি পাহারায় শিক্ষক শিক্ষার্থীদের বাস চলাচল করতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (উত্তর) রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে পুলিশ সচেষ্ট রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের বাইরে সিলেট নগরীতেও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে স্টাফদের একটি বাসে ঢিল ছুড়েছে শিবির কর্মীরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বাস চলাচল করছে।
বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এহসানুল করিমসহ ১৪ নেতাকর্মীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধ ও বৃহস্পতিবার এই ধর্মঘট পালন করছে শিবির।
গত বছরের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রাতে ‘চেতনা ৭১’-এর নামফলক ভাংচুর করা হয়।
এ ভাংচুরের ঘটনার প্রতিবাদে পরদিন বিকালে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে তাতে হামলা করে ছাত্রশিবির। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুনও দেয় তারা।
মুক্তিযুদ্ধের ভাস্কর্যটির নামফলক ভাংচুরের দায়ে ২৭ ফেব্রুয়ারি রাতে সিন্ডিকেট সভায় ওই ১৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
