‘বন্ধুর মৃত্যুর খবরে আত্মহত্যা’ ভাই-বোনের
বন্ধুর মৃত্যুর খবরে সিলেট নগরীতে ভাই-বোন আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন নগরীর আখালিয়া কালীবাড়ির গ্রীণ সিটি আবাসিক এলাকার গিরিধন পুরকায়স্থের ছেলে দিপু পুরকায়স্থ (২৬) ও মেয়ে জেনি পুরকায়স্থ (২৪)।
বুধবার রাতে তাদের বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তাদের মৃত বন্ধু ডা. জয় গোস্বামী সুনামগঞ্জের জামালগঞ্জের বাসিন্দা। তিনি সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় থাকতেন এবং নগরীর আরোগ্য ক্লিনিকে চাকরি করতেন
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, বুধবার দুপুরে ডা. জয় গোস্বামী অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ডা. জয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তার বন্ধু নগরীর আখালিয়া কালিবাড়ির দিপু পুরকায়স্থ ও জেনি পুরকায়স্থ।
“বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে সন্ধ্যায় তারা ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে একসাথে আত্মহত্যা করেন।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
