‘যুদ্ধাপরাধীদের রিং লিডার ছিলেন নিজামী’
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণের দাবি করে তার সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন বিভাগ।
বুধবার প্রসিকিউটর তুরীন আফরোজ, মোহম্মদ আলী ও হায়দার আলী শুনানি করেন।
শুনানিতে তুরীন জামায়াতে ইসলামীর বর্তমান আমির নিজামীর একাত্তরে পূর্ব পাকিস্তানে ইসলামী ছাত্রসংঘের প্রধান নেতা হিসেবে ভূমিকার কথা তুলে ধরে তাকে ‘রিং লিডার’ আখ্যায়িত করেন।
“নিজামী জন্মগতভাবেই একজন নেতা যার নিজের অধীনস্তদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।একাত্তরে তিনি যে রিং লিডারের ভূমিকায় ছিলেন, তা তিনি অস্বীকার করতে পারেন না।”
প্রসিকিউশনের শুনানি শেষ হওয়ায় আদালতে বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবে আসামি পক্ষ।
গত ১৩ নভেম্বর এই নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি এ টিএম ফজলে কবীর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১ এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হন। এরপর এই মামলায় পুনরায় যুক্তিতর্ক শুনানি গত ১০ মার্চ শুরু হয়।
বুধবার নিজামীর বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগের মধ্যে বাকি পাঁচটির বিষয়ে প্রসিকিউশনের সাক্ষীদের দেয়া সাক্ষ্য ও নথিপত্র বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহম্মদ আলী।
এর মধ্যে ছিল অষ্টম থেকে দশম,পঞ্চদশ ও ষোড়শ অভিযোগ। এই অভিযোগগুলো মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও পরিকল্পনা করা, অপরাধ সংঘটনে উস্কানি ও নির্দেশ দেয়া, হত্যা, লুটপাট, ও অগ্নিসংযোগ।
মামলার আইনি দিক নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।
তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজের বক্তৃতায় পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারকে ‘ভালো কাজ’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজামী। তিনি সেসময় বলেছেন, জিহাদ করতে হবে এবং পাকিস্তানি সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করতে হবে। এতে কি উস্কানি দেয়া হচ্ছে না?”
সাবেক জোট সরকারের মন্ত্রী নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।
২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে একটি মামলায় গ্রেপ্তার করার পর একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর গত বছর ১১ ডিসেম্বর জামায়াতের আমিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নেয়।
নিজামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে একাত্তরের ডিসেম্বরে পাবনার বেড়া থানার বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা ও ৭২টি বাড়িতে আগুন দেয়া, ডেমরা ও বাউশগাড়ী গ্রামে ৪৫০ জনকে গুলি করে হত্যা, সাঁথিয়া উপজেলার করমচা গ্রামে মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা, ধর্ষণ ও লুটপাটের ঘটনাও রয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ১৯৪৩ সালে পাবনার সাঁথিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্ম নেয়া নিজামী ১৯৬৩ সালে কামিল পাস করেন। জামায়াতের তখনকার ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের পূর্ব পাকিস্তান শাখার প্রধান হিসাবে একাত্তরে তিনি ছিলেন আলবদর বাহিনীরও প্রধান।
স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানের জবানবন্দি উপস্থাপনের মধ্য দিয়ে গত বছর ২৬ অগাস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেন মোট ২৬ জন।
আর নিজামীর পক্ষে তার ছেলে মো. নাজিবুর রহমানসহ মোট চারজন সাফাই সাক্ষ্য দেন। বাকি তিনজন হলেন- অ্যাডভোকেট কে এ হামিদুর রহমান, মো. শামসুল আলম ও আবদুস সলাম মুকুল।
