হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় নছরতপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় নিহতরা হলেন মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে সফিক মিয়া (৩৫) ও রহিতন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৮)।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ রেল স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জের নছরতপুর রেল ক্রসিংয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুছড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুলাল মিয়া মারা যান। হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর সফিক মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা নছরতপুর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
