চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত
ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর এক কিশোরীসহ চার বাংলাদেশি ফেরত এসেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারতের মালদহ জেলার মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশের সোনা মসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তাদের হস্তান্তর করা হয়।
এরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রবিউল ইসলামের ছেলে আব্দুল জাব্বার (১৯), রাজশাহীর পবার রফিকুল ইসলামের ছেলে মাসুদ আলী (১৪), রাজশাহী সিটির সপুরা মহল্লার ইকবাল হোসেনের ছেলে হিমন ইমাম (১৩) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আব্দুল খালেকের মেয়ে রিপা খাতুন (১৪)।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।
সোনা মসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মকর্তা এ্যাডভোকেট ইয়াসমিন আরা খুশির জিম্মায় তাদের দেয়া হয়েছে।
ইয়াসমিন আরা খুশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরত আনা চার জনকে সমিতির হেফাজতে রাখা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।
তিনি বলেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত গিয়ে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হন।
ভারতে ১৯ মাস থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ‘আনন্দ আশ্রম’ নামে বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের দায়িত্ব নেয়।
এরপর তারা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে বিষয়টি জানালে সমিতি তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বলে জানান তিনি।
সোনা মসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, তাদেরকে হস্তান্তরের সময় দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
