২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতে কাদেরের সাক্ষ্য

পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন আব্দুল কাদের, যিনি তিন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় খিলগাঁও থানায় নির্যাতনের শিকার হয়েছিলেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

হত্যাচেষ্টার অভিযোগে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে করা এই মামলায় বাদি কাদেরের জবানবন্দি নেয়ার মধ্য দিয়ে বুধবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবীর রাজের আদালতে কাদের জবানবন্দি দেয়ার পর তাকে জেরা করেন আসামির আইনজীবীরা।

কাদেরের আইনজীবী আব্দুল গাফ্ফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় আধা ঘণ্টা জেরার পর তারা সময় চাইলে বিচারক শুনানি মুলতবি করেন। আগামী ৬ এপ্রিল পরবর্তী শুনানি হবে।

২০১১ সালের ১৬ জুলাই প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের তৎকালীন ছাত্র কাদেরের ওপর পুলিশি নির্যাতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।

বিষয়টি গণমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়। এরপর হাই কোর্টের নির্দেশে তদন্ত কমিটিও করা হয়।

আব্দুল কাদের (ফাইল ছবি)

আব্দুল কাদের (ফাইল ছবি)

আব্দুল কাদের (ফাইল ছবি)

তদন্তে নির্দোষ বলে ছাড়পত্র পাওয়ার পর ২০১২ সালের ২৩ জানুয়ারি কাদের বাদি হয়ে খিলগাঁও থানায় পুলিশ কর্মকর্তা হেলালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

আদালতে জবানবন্দিতে কাদের বলেন, তিনি তার আবাস ফজলুল হক হলে ফেরার পথে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সামনে তাকে আটকায় পুলিশ।

“সাদা পোশাকের পুলিশ আমার পায়ে লাঠি দিয়ে আঘাত করে। পরে তারা আমাকে খিলগাঁও থানায় নিয়ে যায়। এই সময় ওসি হেলাল উদ্দিন জোর করে স্বীকারোক্তি আদায়ের জন্য আমাকে মেরে জখম করে।”

কাদেরকে আটকের পর ছিনতাইকারী হিসেবে দেখাতে চেয়েছিল পুলিশ। তার স্বীকারোক্তি আদায়ে ওসি হেলাল চাপ দিচ্ছিলেন বলে এই ছাত্রের অভিযোগ।

“এরপরও আমার কাছে কোনো তথ্য না পাওয়ায় চাপাতি দিয়ে আমাকে আঘাত করে,” আদালতে বলেন কাদের।