অবমাননা: দুই পত্রিকা, ৭ সাংবাদিককে অব্যাহতি
আদালতে এক আইনজীবীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানানোয় সাত সাংবাদিক ও সেই খবর প্রকাশ করায় দুটি পত্রিকার সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ থেকে তাদের অব্যাহতি দিয়েছে হাই কোর্ট।
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ায় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ বুধবার বিষয়টির নিষ্পত্তি করে এই রায় দেয়।
অব্যাহতি পাওয়া সাত সাংবাদিক হলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান; বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন; জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন ও সেক্রেটারি এম সুজাউল ইসলাম।
এর মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক একই ব্যক্তি।
এছাড়া সমকাল ও নয়া দিগন্তের সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
সকালে এ বিষয়ে শুনানি শুরুর আগেই আদালতে আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে হট্টগোল শুরু হলে দুই বিচারক এজলাস থেকে নেমে যান।
পরে পরিস্থিতি শান্ত হলে আংশিক শুনানি হয়। আদালতের তলবে ওই সাত সাংবাদিকও এ সময় উপস্থিত ছিলেন।
আংশিক শুনানিতে এই সাংবাদিকদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত।
পরে বিকালে সাত সাংবাদিক ও সমকালের পক্ষে আদালতে হাজির হন আইনজীবী শাহদীন মালিক। তার সঙ্গে ছিলেন মো. মঞ্জুর আলম।
দৈনিক নয়া দিগন্তের পক্ষে ছিলেন মীর আহমাদ বিন কাশেম ও এহসান এ সিদ্দিকী।
সকালে সাংবাদিক-আইনজীবীদের মধ্যে হট্টগোলের বিষয়টিও শুনানিতে আলোচনায় আসে।
রায়ের আগে আদালত বলে, “এ ঘটনা অপ্রত্যাশিত। অষ্টম সংশোধনী মামলার রায়ের সময়ও দেখেছি আইনজীবী ও সাংবাদিকরা আদালত কক্ষে সহ-অবস্থান করেছেন।
“কিন্তু আজ যেটা হলো, সেটা অপ্রত্যাশিত। আজ আদালতের ভিতরে ভিডিও করা হয়েছে। আদালতের ভিতরে ভিডিও হবে- এটাতো কারো কাম্য নয়। এটা যাতে ভবিষ্যতে না হয় সে জন্য খেয়াল রাখা উচিত।”
বিচারক রায়ে বলেন, যেহেতু সবাই ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছে। সেহেতু এ মামলার কার্যক্রম বাদ দেয়া হচ্ছে।
শাহদীন মালিক পরে সাংবাদিকদের বলেন, “এর মানে হলো, এই অভিযোগের নিষ্পত্তি করে সবাইকে অব্যাহতি দেয়া হয়েছে।”
মীর আহমাদ বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি কোনো কনটেম্পট হয়ে থাকে তাহলে আমরা অ্যাপোলজি চেয়েছি। আদালত আমাদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি।”
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি লেখা নিয়ে গত ২ মার্চ পত্রিকাটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করে হাই কোর্টের এই বেঞ্চ।
তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানিতে গত বৃহস্পতিবার গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা নিয়ে কথা বলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।
ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবদিক সমিতি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি আলাদা বিবৃতি দিলে দৈনিক সমকাল ও নয়া দিগন্ত তা প্রকাশ করে।
পরদিন রোকন উদ্দিন ওই দুটি পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনলে বিচারক আদালত অবমাননার রুল দেন।
