বগুড়ায় নিখোঁজ জামায়াত নেতার লাশ রাজশাহীতে উদ্ধার
বগুড়ার আদমদীঘি থেকে নিখোঁজ এক জামায়াত নেতার লাশ চারদিন পর রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মতিহার থানার এসআই অহিদুর রহমান জানান, মঙ্গলবার রাতে মতিহার থানা পুলিশ নগরী থেকে চার কিলোমিটার দূরে পদ্মার চর থেকে মইন উদ্দিন আকনের লাশটি উদ্ধার করে।
আদমদিঘী আহামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মইন উদ্দিন উপজেলা জামায়াতের রোকন বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান।
এসআই অহিদুর রহমান বলেন, সন্ধ্যায় পদ্মার চরে মৃতদেহ পড়ে থাকতে দেখে জেলেরা থানায় খবর দেয়। রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
“বুধবার সকালে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ সনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে দুপুরে মইন উদ্দিনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদের মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
আতাউর রহমান বলেন, মইন উদ্দিন শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদেশে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন আদমদীঘি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়।
