২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

তিন বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যাক্তিকে প্রাণদণ্ড দিয়েছে গাজীপুরের ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল’।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 03:36 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ট্রাইবুনালের বিচারক ফাতেমা নজীব বুধবার সকালে এই রায় ঘোষণা করেন।

গাজীপুরের স্পেশাল পিপি মো. শাহজাহান জানান, ফাঁসির আদেশ পাওয়া মো. ফারুক মাদারীপুরের রাজৈর থানার কিশোরদিয়া গ্রামের ইউনুস চুকদারের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

মামলার শুনানি চলাকালে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ১৯ অক্টোবর টঙ্গীর এরশাদ নগর (বাস্তুহারা) এলাকায় ইট দিয়ে স্ত্রী সালমা বেগমের (৩৪) মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেন ফারুক।

এ ঘটনায় সালমার মা খোদেজা বেগম বাদি হয়ে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ টঙ্গী থানায় মামলা করেন। টঙ্গী থানা পুলিশ পরে ফারুককে গ্রেপ্তার করে। কিন্তু তিন মাস আগে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।

স্বজনরা জানায়, বিয়ের পর থেকে এরশাদ নগরে তিন নম্বর ব্লকে স্ত্রীর বাবার বাড়িতেই থাকতেন ফারুক। যৌতুক হিসেবে বাড়িটি তার নামে লিখে না দেয়ার কারণেই সালমাকে হত্যা করেন তিনি।

পিপি জানান ১৮ বছরে সংসারে এ দম্পতির মো. সাকিব (৮) ও রাকিব (১৬) নামের দুটি ছেলে রয়েছে।

আদালতে সন্তানরাও বাবার বিরুদ্ধে স্বাক্ষ্য দেয়ার সময় জানায়, বাড়ি লিখে দেয়ার জন্য তাদের মাকে মারধোর করতেন ফারুক।

এ মামলার শুনানিতে মোট সাতজনের সাক্ষ্য শোনেন বিচারক। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।