২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবির ডিনের উপর হামলায় দুজন গ্রেপ্তার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডিনের উপর হামলার ঘটনায় জামায়াত ও শিবিরের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 09:20 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ওয়ারেছ আলী ও লাল চাঁদকে আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানো হয়।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, সোমবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকার রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে দোগাছি ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমীর ওয়ারেছ আলীকে গ্রেপ্তার করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের শিবিরকর্মী লাল চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলাসহ হরতাল অবরোধে নাশকতা ও ভাংচুর এবং বৃক্ষনিধনের মামলা রয়েছে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ জড়িত বলে তথ্য দিয়েছেন।

জেলা জামায়াতে ভারপ্রাপ্ত সেক্রেটারি রেজাউল করিম জানান, উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে মিথ্যা মামলায় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে প্রশাসন।

গত ৫ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।