২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলারডুবি: উদ্ধার কাজ সমাপ্ত

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে শ্রমিকবাহী ট্রলারডুবির ঘটনায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 07:42 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় প্রাণ গ্রুপের কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। কোনো নিখোঁজের খবর জানাতে পারেনি উপজেলা প্রশাসন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার জানান, বিকাল সাড়ে ৪টার দিকে স্বজনদের কাছে উদ্ধার লিমন মিয়ার (১৯) লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

“আর কোনো লাশের সন্ধান না পাওয়ায় বিকাল ৫টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়।”

এদিকে, বিকাল পৌনে ৬টার দিকে লিমনের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের দাফনের জন্য তার পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হয় বলে ইউএনও জানান।

মৃত লিমন মিয়া প্রাণ কারখানার বাবলগাম সেকশনের শ্রমিক ও স্থানীয় বাহাদুরসাদী ইউনিয়নের যুগলী গ্রামের কাজল মিয়ার ছেলে।

ইউএনও জানান, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর এলাকার নদীর পূর্বপাশের ঘাট এলাকা সকাল সাড়ে ৬টার দিকে প্রাণ কারখানার অর্ধশতাধিক শ্রমিক নিয়ে ট্রলারটি শীতলক্ষ্যা নদী পার হচ্ছিল।

ট্রলারটি নদীর পশ্চিম পাশের পাড়ে পৌঁছার কিছু আগে নদীর ১৫ ফুট পানির নিচে তলিয়ে যায়।

দুপুর ১২টার দিকে লিমনের লাশ উদ্ধার করেন স্থানীয় জনতা ও ডুবুরিদল।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল ভূঁইয়া বলেন, ঘটনার পর এলাকাবাসী ও প্রাণ কারখানার নিজস্ব ডুবুরিদল উদ্ধার কাছে নামে। পরে তাদের সঙ্গে ঢাকা থেকে আসা ডুবুরিদলও যোগ দেয়।

প্রায় এক ঘণ্টা তল্লাশির পর তারা নদী থেকে লিমনের লাশ উদ্ধার করেন। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলেও আর লাশ পায়নি।

খোলা ট্রলারটির একপাশে অতিরিক্ত যাত্রী বসায় তা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।