হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ সদর উপজেলায় জমিতে সেচ দেয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সানাবই গ্রামে এ সংঘর্ষে নিহত আরজু মিয়া (৪৫) ওই গ্রামের বদিউর রহমানের ছেলে।
সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, গভীর নলকুপ থেকে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সানাবই গ্রামের আউয়াল মিয়ার সঙ্গে একই গ্রামের বাবুল মিয়ার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরজু মিয়ার মৃত্যু হয়।
ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
