গড়াই নদীর ভাঙন রোধে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীর ভাঙনে তিনটি ইউনিয়নের বহু ঘরবাড়ি ও কৃষি জমি বিলীন হতে চলেছে। কাজে দিচ্ছে না ভাঙন ঠেকানোর অস্থায়ী ব্যবস্থা।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর বিপুল টাকা খরচ করে অস্থায়ী ব্যবস্থা নেয়া হয়, কিন্তু তা কোনো কাজে আসে না।
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা জানান, উপজেলার সারুটিয়া, হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের গড়াই নদী তীরবর্তী গ্রামগুলোর বেশিরভাগই ভাঙন কবলিত।
“প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে লাখ লাখ টাকা ব্যয় করছে। কিন্তু ভাঙন ঠেকানো যাচ্ছে না। টাকা পানিতে যাচ্ছে।”
সারুটিয়া ইউনিয়নের বরুরিয়া থেকে শুরু করে লাঙলবাঁধ বাজার পর্যন্ত ২০ কিলোমিটার জুড়ে ভাঙন ধরেছে জানিয়ে তিনি বলেন, বরুরিয়া, কেশনগর, কাতলাগাড়ি, সারুটিয়া, মাদলা, শহীদনগর, উলুবাড়িয়া, নলখোলা ও মালিথিয়া পয়েন্টে নদীতে বেশি ভাঙন ধরেছে। প্রতিবছর বিপুল পরিমাণ কৃষি জমি ও বসত বাড়ি নদী গ্রাস করছে।
বরুরিয়া গ্রামের ওসমান আলি বলেন, গ্রামের প্রায় এক হাজার ৩শ’ বিঘা জমি নদী গ্রাস করেছে। জমি বাড়িঘর হারিয়ে এখন ছিন্নমূল। খালের পাড়ে ঝুপড়িতে পরিবার নিয়ে বাস করছি।
ভাঙনে ক্ষতিগ্রস্ত বাকিদেরও তার মতো অবস্থা বলে জানান তিনি।
সারুটিয়া ইউপির সদস্য আব্দুল মান্নান বলেন, বরুরিয়া গ্রামের শতকরা ৮০ ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। বাকিটুকুও ভাঙন কবলিত।
“বর্ষার শুরুতে ভাঙন শুরু হয়। পানি নেমে যাওয়ার পর ভাঙনের তীব্রতা বাড়ে। প্রায় সারাবছর ভাঙন অব্যাহত থাকে। প্রতিবছর বাঁশ চাটাইয়ের বেড়া দিয়ে তার ভিতর বালু ভর্তি বস্তা ফেলা হয়। কিন্তু ভাঙন ঠেকানো যাচ্ছে না।”
পানি উন্নয়ন বোর্ডের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ জানান, শৈলকুপায় গড়াই নদীর ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থায় কাজ হচ্ছে না। এবারও বর্ষা মৌসুমে ভাঙন রোধে ৪০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। ঠেকানো যায়নি।
তিনি বলেন, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
