২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন বাতিল, এসপি মোস্তফাকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতির মামলায় যাবজ্জীবন পাওয়া সাবেক পুলিশ সুপার মোস্তফা কামালকে হাই কোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিল আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

আপিল বিভাগের আদেশে হাই কোর্টের আদেশ বাতিল করার পাশাপাশি বিবাদিকে দুই সপ্তাহের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং মোস্তফা কামালের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন।

পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে আপিল নিষ্পত্তির জন্য হাই কোর্টকে নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে আপিল নিষ্পত্তি না হলে আসামি নিম্ন আদালতে নতুন করে জামিন চাইতে পারবেন।

তিনি জানান, গত ২২ জানুয়ারি নিম্ন আদালতের রায় স্থগিত করে মোস্তফা কামালকে জামিন দেয় হাই কোর্ট। পাশাপাশি তার আপিল শুনানির জন্য গ্রহণ করে উচ্চ আদালত।

এস এ পরিবহনের মালিকের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবির মামলায় গত বছরের ১২ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জংশনের (জিআরপি) পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন।

রেল পুলিশের এই কর্মকর্তাকে ৩০ লাখ টাকা জরিমানাও করেন তিনি।

জরিমানার ৩০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা মামলার বাদি এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদকে এবং বাকি পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

ওই দিন রায় ঘোষণার পরপরই মোস্তাফা কামালকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামি মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওহেদ মিয়াকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন এসপি কামাল। সেইসঙ্গে জামিনের আবেদনও করেন তিনি। হাই কোর্টে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২২ ডিসেম্বর এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন ২০ লাখ টাকাসহ সিলেট যাওয়ার পথে মাধপপুর থানার ওসি আতাউর রহমান ও উপ-পরিদর্শক ওহেদ মিয়া তাকে আটক করে। পরে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল আরো ৩০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা সালাউদ্দিনের কাছে দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করায় মোস্তফা কামাল এসএ পরিবহনের মালিকের বিরুদ্ধে মাদক ও নারী পাচার আইনে মামলা দায়ের করেন।

এরপর সালাউদ্দিন ঢাকায় ফিরে তার বিরুদ্ধে করা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ওই মামলা খারিজ করে দেয়।

এরপর ঘুষ দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মোস্তফা কামাল ও ওহেদ মিয়ার বিরুদ্ধে মামলা করেন এস এ পরিবহনের মালিক।