২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের নির্দেশে হিন্দুর জমি ২ দখলকারী গ্রেপ্তার

হিন্দু পরিবারের জমি দখলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার উচ্চ আদালতের নির্দেশ নির্দেশের পর দুজনকে ধরেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 04:02 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

তারা হলেন এ মামলার আসামি উপজেলার বাউরা গ্রামের আনার খা ও সুলতান খা।

এ মামলার আসামিদের বিরুদ্ধে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলপুর গ্রামে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার পাটগ্রাম থানার ওসি মোঃ আমিরুজ্জামান জানান, আসামিদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

জেলা পুলিশ সুপারকে অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার ও স্থানীয় মানবাধিকার কর্মীরা জানান, জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ গ্রেপ্তারের নির্দেশ দেয়।

পাশাপাশি জারি করা রুলে রসুলপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি রক্ষায় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরির্দশক, উপ-মহাপরির্দশক, জেলা পুলিশ সুপার, পাটগ্রাম থানার ওসি, স্থানীয় আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম ও নজরুল ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া হিন্দুদের জমি দখলের ঘটনা তদন্ত করে পুলিশের মহা-পরির্দশককে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

গত মার্চের প্রথমে গণমাধ্যমে ‘স্থানীয় আওয়ামী লীগের নেতারা হিন্দু পরিবারের জমি দখল করেছে’ এমন সংবাদ প্রকাশ হয়।

এ সংবাদের ভিত্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ গত ৪ মার্চ একটি রিট করা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন  মনজিল মোরসেদ।

তিনি বলেন, “বেআইনিভাবে হিন্দু পরিবারের সম্পত্তি দখল করছে প্রভাবশালীরা। কিন্তু অনেক ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”