এবার আমানুল্লাহ কবীরের বিরুদ্ধে আইনবিদের অভিযোগ
টেলিভিশনে এক আলোচনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যের সূত্র ধরে এবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আমানুল্লাহ কবীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
প্রথম আলোর একজন সাংবাদিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি চলাকালে হাই কোর্টের সাবেক বিচারক মুনসুরুল হক চৌধুরী মঙ্গলবার এই অভিযোগ করেন।
তিনি বলেন, সোমবার রাতে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচারিত ‘নিউজ অ্যন্ড ভিউজ’ নামের ‘টক শো’তে সাংবাদিক আমানুল্লাহ কবীর আইনজীবীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন যা আদালত অবমাননার শামিল।
আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকদের একজন।
মুনসুরুল হক বলেন, গোলাম মোর্তজার উপস্থাপনায় ওই আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসাবে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলও ছিলেন।
সঞ্চালক ও অন্য আলোচকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আবেদন জানান এই আইনজীবী।
অভিযোগ শুনে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ বলেছে, তারা বিষয়টি দেখবেন।
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি লেখা নিয়ে সম্প্রতি পত্রিকাটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করে হাই কোর্টের এই বেঞ্চ। তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানিতে গত বৃহস্পতিবার গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা নিয়েও কথা বলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।
ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবদিক সমিতি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি আলাদা বিবৃতি দিলে দৈনিক সমকাল ও নয়া দিগন্ত তা প্রকাশ করে। পরদিন রোকন উদ্দিন ওই দুটি পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনলে বিচারক আদালত অবমাননার রুল দেন।
রোববার আদালতের ওই আদেশে বলা হয়, “বৃহস্পতিবার আমরা সতর্ক করেছিলাম। বিবৃতি প্রকাশের বিষয়ে আমরা মৌখিকভাবে বারণ করেছিলাম। কিন্তু তা প্রতিপালন করা হয়নি। আজ তাই আমরা আদালত অবমাননার রুল দিচ্ছি।”
এদিকে এই প্রেক্ষাপটে ‘উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে’ প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন ১৬টি দৈনিক পত্রিকার সম্পাদক। তাদের ওই ‘যৌথ বিবৃতি’ মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।
এতে বলা হয়, “আমরা লক্ষ করেছি যে হাইকোর্টে এই মামলা শুনানিকালে কয়েকজন সিনিয়র আইনজীবী সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সাংবাদিকদের সততা নিয়ে ঢালাওভাবে অসত্য অভিযোগ এনে গোটা সংবাদমাধ্যমকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।
“আমরা এ ধরনের উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা লক্ষ করছি যে সংবাদপত্র ও বিচার বিভাগকে অকারণে মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা চলছে, যা সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের মর্যাদার জন্য ক্ষতিকর। আমরা উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে মাননীয় প্রধান বিচারপতির আশু হস্তক্ষেপ কামনা করছি।”
[এই প্রতিবেদনে ভুলবশত নিউ এইজ সম্পাদকের নাম লেখা হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।]
