২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রীসহ ট্রলারডুবি

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 11:32 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার সকালে নদীর জামালপুর অংশে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে ঠিক কতজন এখনো নিখোঁজ তা নিশ্চিত করে কেউ জানাতে পারেননি। যাত্রীদের সবাই বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘প্রাণ গ্রুপের’ শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছে, সকাল ৬টার দিকে শ্রমিকরা ট্রলারটিতে করে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর এলাকার নদীর পূর্বপাশের গুদারা ঘাট থেকে কালীগঞ্জে প্রাণ কারখানার দিকে যাচ্ছিলেন।

ঘটনাস্থল থেকে নির্বাহী কর্মকর্তা কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারটি নদীর পশ্চিম পাশের পাড়ে পৌঁছার কিছু আগে পানির ১৫ ফুট নিচে তলিয়ে যায়। এসময় বেশিরভাগ শ্রমিক যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ আছে বলে তীরে আসা শ্রমিকরা জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, প্রাণের নিজস্ব ডুবুরিদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে নিঁখোজদের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যাবে।

খোলা ট্রলারটির এক পাশে অতিরিক্ত যাত্রী বসায় তা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।