২০০১ সালের সহিংসতার বিবরণ প্রকাশের নির্দেশ
২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতার বিবরণ গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানির এক পর্যায়ে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
সাত দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে ৩ এপ্রিলের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ওই সহিংসতার তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর এই আদেশ আসে। ১০৩৩ পৃষ্ঠার ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
২০০১ সালে নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা হয়।
ওই হামলার তদন্তে হাই কোর্টের আদেশে অবসরপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর তিন সদস্যের ওই বিচার বিভাগীয় কমিটি গঠিত হয়।
৫ হাজার ৫৭১ টি অভিযোগের মধ্যে ৩ হাজার ৬২৫টি অভিযোগ তদন্ত করে এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তদন্ত শেষে ২০১১ সালের ২৪ এপ্রিল কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়।
ওই প্রতিবেদনে বিএনপি-জামায়াত জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়ী করা হয়েছে।
