বেওয়ারিশ হিসেবে দাফন করা আইনজীবীর লাশ হস্তান্তর
বেওয়ারিশ হিসেবে সিলেটে দাফন করা মুন্সিগঞ্জের আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে কাজী ওবায়দুল ইসলাম সিপনের ভাতিঝি জামাই দেওয়ান তারেক চৌধুরীর কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হন ওবায়দুল।
তিনি মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের মৃত কাজী শামসুল হুদার ছেলে।
উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত ১ মার্চ রাতে কে বা কারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইনজীবীর লাশ ফেলে পালিয়ে যায়।
পরিচয় নিশ্চিত হতে না পারায় ছয় দিন পর সিলেট মেয়রের অনুমতি নিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়।
কাজী ওবায়দুল ইসলাম সিপনের স্বজনরা লিফলেট ছেড়ে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন।
তার নিখোঁজের খবর ছবিসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে রোববার লাশ সনাক্ত করে সিলেট পুলিশ।
এ ঘটনায় দেওয়ান চৌধুরী সিলেট কোতয়ালি থানায় মামলা করলে রোববার বিকেলে কবর থেকে লাশ তোলা হয়।
